Ticker

10/recent/ticker-posts

সিয়ামের সঙ্গে আলোচনায়, ‘রাক্ষস’–এর রহস্যময় খলনায়ক নিয়ে জল্পনা

রহস্যময় চরিত্রটি নিয়ে আলোচনা চলছে ফেসবুকে


গতকাল এসেছে ঈদের মুক্তির তালিকায় থাকা ‘রাক্ষস’ সিনেমার ট্রেলার। যেখানে বিধ্বংসী রূপে হাজির হয়েছেন সিয়াম আহমেদ। ফেসবুকে ট্রেলার শেয়ার করে সিয়াম লেখেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে...আর তখনই শুরু হয় কোপ।’


‘রাক্ষস’–এর পোস্টারে সুস্মিতা ও সিয়াম। ছবি: ফেসবুক থেকে

২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলার শুরু হয় সিয়ামের সংলাপে। তাঁকে বলতে শোনা যায়, ‘মানুষ বলে, নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়; আমি বলি না, নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে মৃত্যু!’ এরপর নৃশংসতায় মেতে উঠতে দেখা যায় সিয়ামকে। ট্রেলারজুড়ে ছিল অ্যাকশন ও সহিংসতার দৃশ্য।
রাক্ষসের ট্রেলারে বেশ কিছু চমক রেখেছেন নির্মাতা মেহেদী হাসান। তাঁর এর আগের সিনেমা ‘বরবাদ’–এর জিল্লু চরিত্রটিও এনেছেন এখানে। বরবাদ মুক্তির পর সবার মুখে ছড়িয়ে পড়েছিল শাকিব খানের ‘ওই জিল্লু মাল দে’ সংলাপটি। এবার সিয়ামের মুখে শোনা গেল ‘ওই জিল্লু খাইয়া দে’।

চমকের পাশাপাশি রহস্যও রেখেছেন নির্মাতা। সব চরিত্র দেখালেও একটি চরিত্র নিয়ে রহস্য রেখেছেন তিনি। ভিলেন চরিত্রটির মাথা ও শরীরজুড়ে ট্যাটু, মাথা ন্যাড়া, আর কোনো কিছুই খোলাসা করেনি তিনি। ট্রেলার প্রকাশের পর এ চরিত্র নিয়ে ফেসবুকে শুরু হয়েছে আলোচনা। মন্তব্যের ঘরে বিভিন্ন মন্তব্য চোখে পড়েছে।
কেউ কেউ লিখেছেন, এটি সিয়ামের ডাবল রোল। আবার কারও মতে, এটা শাকিব খান, মেহেদী হাসানের ইউনিভার্স হতে যাচ্ছে এটি। আবার অনেকেই লিখছেন, নির্মাতা নিজেই এ চরিত্রে অভিনয় করেছেন।

 

টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি ও ঢালিউডের সিয়াম আহমেদ

একজনের মন্তব্য এমন, ‘আমার কেন জানি মনে হচ্ছে এটা ‘‘রাক্ষস’’–এর ডিরেক্টর। উনি ভয়েজওভার করেছে এ জন্য না। কিন্তু কেন জানি বডি ল্যাঙ্গুয়েজ আর ফিটনেস দেখে মেহেদী হাসানের মতোই লাগছে। অন্য কেউও হতে পারে। তবে এটা আমার নিজস্ব থটস।’
অনেকেই লিখেছেন চরিত্রটি করেছেন শতাফ ফিগার। কলকাতা ও বলিউডের পর ‘রাক্ষস’ দিয়ে ঢালিউডে পা রাখবেন এই অভিনেতা। আবার কেউ কেউ গায়ক জন কবির, নায়ক রুবেল, অভিনেতা, সোহেল মণ্ডলের নামও লিখেছেন।
তবে সিনেমার এই রহস্যময় খলনায়ক কে—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হলেও নির্মাতারা এখনো স্পিকটি নট।

‘রাক্ষস’–এর আগে শাকিব খানকে নিয়ে মেহেদী হাসান বানিয়েছেন ‘বরবাদ’। সেই সিনেমাজুড়েও ছিল সহিংস অ্যাকশন। এ সিনেমাটিতেও যে সেটা থাকবে, ট্রেলারে সেই ধারণাই দিয়ে রাখলেন নির্মাতা। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। সিনেমার আইটেম গানে অভিনয় করছেন হিন্দি সিনেমার অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।


Post a Comment

0 Comments